উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর ও জিরোপয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডিয়াইন ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা, প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্ভাবনাগুলো পর্যবেক্ষণের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত এই সফর করছেন। সফরের দ্বিতীয় দিনে সকালে বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
জিরোপয়েন্টে অবস্থানকালে রাষ্ট্রদূত সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজে ঘেরা পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
সফরসূচি অনুযায়ী, বাংলাবান্ধা পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে। সেখানে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান, অবকাঠামো ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন।
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা ও সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূতের এ সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের পর্যটন, সীমান্তবাণিজ্য ও স্বাস্থ্যসেবা খাতের সম্ভাবনা সম্পর্কে মার্কিন দূতাবাসের আরও ধারণা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন