চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় ইউএনও মনিরা খাতুন বলেন, কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মোবাইল ফোনের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে ইউএনও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাধ্যমে কিশোরদের অপরাধপ্রবণতা বা মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় মাদক নিয়ন্ত্রণ, অনলাইন ও মোবাইল জুয়া প্রতিরোধ, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন ও রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন