গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১১ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। মেয়ের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা।
নিখোঁজ শিক্ষার্থীর বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মেয়েটি সহজ-সরল স্বভাবের। বাবা-মাকে না জানিয়ে আগে কখনো কোথাও যেতেন না। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। বড় ভাইয়ের মাধ্যমে মেয়ের নিখোঁজ হওয়ার খবর জানতে পারেন। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্রুত মেয়েকে খুঁজে বের করতে পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নিখোঁজ শিক্ষার্থীর মা জানান, তিনি তার পরিবারের বড় মেয়ে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়েটি এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ফল প্রকাশের পর মেয়েটি খুশির খবর প্রতিবেশীদের জানাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।
তিনি জানান, মেয়ের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। পরে বাধ্য হয়ে থানায় জিডি করেন তিনি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। দ্রুত তার সন্ধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন