কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার বাসিন্দা।
ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় স্থানীয় লোকজন মাহাবুরকে আটক করে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে বিদ্যালয়ে নিয়ে যায়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহাবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন