জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শাহিন তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তারা দাবি করেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। যে মোটরসাইকেল শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেটির সঙ্গে ঘটনার সময় সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের মিল নেই বলেও তারা আদালতকে জানান।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার অভিযান চালিয়ে পনিসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-২।
নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ভোরে স্বামী আবদুল মতিনের সঙ্গে চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন রনজিলা। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়।
ছিনতাইকারীদের টানে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন