দীর্ঘ অভিনয় ক্যারিয়ার একজন শিল্পীকে পরিচিতি, খ্যাতি ও মানুষের ভালোবাসা এনে দেয়। তবে জীবনের কোনো একপর্যায়ে অনেক অভিনয়শিল্পীই ব্যক্তিগত বা অন্য কোনো কারণে অভিনয় থেকে দূরে সরে যান। কেউ কেউ আবার অতীতের পেশাজীবন নিয়েও অনুশোচনা প্রকাশ করেন। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করে শিল্পী ও শিল্পচর্চার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে অতীতের পরিচয়কে হেয় করার আগে নিজের মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।
প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
নিজের বক্তব্য কঠিন বা কিছুটা তিক্ত শোনাতে পারে—এমন আশঙ্কার কথাও জানিয়েছেন প্রভা। তবে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’
সংস্কৃতির জগতে আসার আগে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রভার ভাষায়, যারা সংস্কৃতিচর্চায় যুক্ত হবেন, তাদের ‘শিক্ষা নিয়ে, মূল্যবোধ নিয়ে, সংস্কৃতিবোধ নিয়ে এবং সবচেয়ে বেশি নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে’ আসা উচিত।
প্রভার পোস্টের সবচেয়ে আলোচিত বক্তব্যগুলোর একটি হলো শিল্প ও অভিনয়কে ‘পাপ’ হিসেবে দেখার ধারণার বিরোধিতা। নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি।’
একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে তার পরিচয়, পরিশ্রম ও সৃষ্টিশীলতার সম্পর্কের বিষয়টিও সামনে এনেছেন প্রভা। তার মতে, কোনো শিল্পী পরবর্তী জীবনে ভিন্ন পথ বেছে নিলেও সে কারণে তার অতীতের শিল্পচর্চাকে অসম্মান করা উচিত নয়।
পোস্টের শেষদিকে তিনি বলেন, ‘আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’
যদিও প্রভা তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, সাম্প্রতিক সময়ে অভিনয়জীবন ও অতীত পেশাকে ঘিরে বিভিন্ন শিল্পীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকে তার এই পোস্টকে দেখছেন। কোনো অভিনয়শিল্পী দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে সরে গিয়ে অতীতের কাজকে নেতিবাচকভাবে মূল্যায়ন করলে সহকর্মী ও শিল্পীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। প্রভার বক্তব্যও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন