ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। লিডস ও লর্ডসে শোচনীয় পরাজয়ের পর হোয়াইটওয়াশ এড়াতে এজবাস্টনে শেষ টেস্টের আগে স্কোয়াড ও কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লর্ডস টেস্টে চতুর্থ দিনে হারের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্কোয়াডে পরিবর্তনের ঘোষণা দেয় পিসিবি। সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার পাশাপাশি নতুন করে দলে নেওয়া হয়েছে সাতজনকে। নতুনদের মধ্যে পাঁচজনের এখনো টেস্ট অভিষেক হয়নি।
বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, আলি উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস ও খুররম শেহজাদ।
অন্যদিকে দলে ফিরেছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজল। সাইম এখন পর্যন্ত ৮টি এবং আবদুল্লাহ ২টি টেস্ট খেলেছেন।
নতুন করে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস, বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটরক্ষক ব্যাটার সাদ বেগ, ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ। তারা তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন।
কোচিং স্টাফেও পরিবর্তন
স্কোয়াডের পাশাপাশি টেস্ট দলের কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে পিসিবি। প্রধান কোচ সরফরাজ আহমেদ ও ফাস্ট বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তাদের জায়গায় পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন এবং অ্যাশলি নফকেকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র পাঁচ ম্যাচে পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেই বিদায় নিতে হলো সরফরাজ আহমেদকে।
ব্যাটিংয়ে চরম ব্যর্থ পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত চার ইনিংসের কোনোটি থেকেই ২০০ রান পার করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে কেবল সৌদ শাকিল ও আবদুল্লাহ শফিক ৫০ রানের ঘর পেরিয়েছেন।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পরই সিরিজের মাঝপথে দলে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নেয় পিসিবি।
আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
নির্বাচক কমিটি থেকে মিসবাহর পদত্যাগ
সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তনের ঘটনায় পাকিস্তানের নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তবে পিসিবি এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।
এ ছাড়া লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন