চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা মেরামতের ওয়ার্কশপের আড়ালে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকার সরকারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মির্জাপুর ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির আহমদ (৪৭)। দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারের একটি অটোরিকশা ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি দেশীয় পেনগান, চারটি দেশীয় পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পেনগানের ১৮টি এবং পিস্তলের দুটি গুলি রয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। তৈরি করা এসব অস্ত্র বিভিন্ন ব্যক্তি ও চক্রের কাছে সরবরাহ ও বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার জামাল ও কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, ওসমান নামে ওয়ার্কশপের এক কর্মী সেখানে অস্ত্র তৈরি করতেন। পরে বিক্রির জন্য অস্ত্রগুলো জামাল ও কবিরের কাছে দেওয়া হতো। ওয়ার্কশপের মালিক দেশের বাইরে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে এটি পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ওসমানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশ অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করে। তারা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় অস্ত্র বিক্রির কথা জানিয়েছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, রাজমিস্ত্রি ও অটোরিকশাচালক পরিচয় ব্যবহার করে তারা অস্ত্র বিক্রি করতেন, যাতে তাদের সন্দেহ না করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। উদ্ধার করা সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে কী ধরনের অস্ত্র তৈরি করা হতো এবং চক্রটির কার্যক্রম কতদিন ধরে চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন