নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তল্লাশিতে চেইন না পাওয়ার পর এক্স-রে করা হলে তার পেটের ভেতরে চেইন দুটি শনাক্ত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর স্বজনরা জানান, সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা দুটি সোনার চেইনকে লক্ষ্য করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় ধাক্কাধাক্কি ও জটলার সুযোগে তার গলা থেকে চেইন দুটি খুলে নেওয়া হয়।
এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় রোগীর স্বজনরা সিনারা বেগমকে আটক করে তল্লাশি করেন। তবে তার কাছ থেকে চেইন দুটি পাওয়া যায়নি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি চেইন দুটি গিলে ফেলার কথা জানান।
পরে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়। বর্তমানে সিনারা বেগম হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, ‘অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন