নতুন ঠিকানায় ফিরেই শেফিল্ড ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। এরপর পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের নাটকীয় জয়ের সাক্ষী হয়েছেন তিনি।
চ্যাম্পিয়নশিপের ম্যাচে বল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে হামজার শেফিল্ড ইউনাইটেড।
মঙ্গলবার ব্রামল লেনে অনুষ্ঠিত ম্যাচটি শেফিল্ডের জন্য শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২৩ সেকেন্ডেই গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে চতুর্থ মিনিটে জাফেত টাঙ্গাঙ্গার গোলে দ্রুতই সমতায় ফেরে শেফিল্ড।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর অবশ্য আবারও পিছিয়ে পড়ে হামজার দল।
ম্যাচের ৬৭ মিনিটে স্যাম ডালবির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বল্টন। তবে এক মিনিট পরই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড।
ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। ক্যালভিন ফিলিপসের পাস থেকে গোল করে শেফিল্ডকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন রোমেল ডোনোভান।
শেফিল্ড ইউনাইটেডে ফেরার পর প্রথম ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন হামজা চৌধুরী। নতুন ঠিকানায় ফিরেই শুরুর একাদশে সুযোগ পেয়ে দলের গুরুত্বপূর্ণ জয়ে মাঠে থেকে অবদান রাখলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন