বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার প্যারিসের পরিবর্তে বসতে যাচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ফুটবলের কাঙ্ক্ষিত এই পুরস্কার।
তবে মূল অনুষ্ঠানের আগে আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের বহুল প্রতীক্ষিত সংক্ষিপ্ত তালিকা।
২০১৯ সাল থেকে প্যারিসের থিয়েটার দ্যু শাতেলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠান হয়ে আসছিল। এবার সেই আয়োজন স্থানান্তর করা হয়েছে লন্ডনে।
আয়োজকদের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ঐতিহাসিক একটি কারণ। ব্যালন ডি’অরের ইতিহাসে প্রথম বিজয়ী ইংলিশ কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এবার অনুষ্ঠানটি লন্ডনে আয়োজন করা হচ্ছে।
‘উইজার্ড অব ড্রিবল’ খ্যাত ম্যাথিউস ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন। ব্ল্যাকপুল টাউন হলে এক সাদামাটা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। সেই সময় শহরের মেয়র একটি চায়না প্লেট দিয়ে দিনটি উদযাপন করেছিলেন। সেই অনাড়ম্বর আয়োজনের তুলনায় এবারের লন্ডনের অনুষ্ঠান হতে যাচ্ছে বেশ জাঁকজমকপূর্ণ।
আগামী ৮ সেপ্টেম্বর ‘Ballondor.com’ ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম প্রকাশ করা হবে। এবারের আসরে পুরুষ বিভাগে ৭০তম এবং নারী বিভাগে অষ্টমবারের মতো বিজয়ী নির্বাচন করা হবে।
বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার ছাড়াও সেরা তরুণ খেলোয়াড়, সেরা গোলরক্ষক, বর্ষসেরা কোচ এবং সেরা ক্লাবকেও পুরস্কৃত করা হবে।
মনোনীতদের তালিকা প্রকাশের পর শুরু হবে মূল ভোটিং প্রক্রিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০টি দেশের (পুরুষ) এবং শীর্ষ ৫০টি দেশের (নারী) একজন করে ফুটবল সাংবাদিক এই ভোটে অংশ নেবেন।
ভোটাররা তিনটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে খেলোয়াড়দের মূল্যায়ন করবেন। এগুলো হলো—ব্যক্তিগত পারফরম্যান্স ও মাঠে খেলোয়াড়ের প্রভাব, দলীয় অর্জন ও শিরোপা জয় এবং ফেয়ার প্লে বা মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়সুলভ আচরণ।
প্রতিটি ভোটার মনোনীতদের তালিকা থেকে সেরা ১০ খেলোয়াড়কে পছন্দের ক্রমানুসারে সাজাবেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট এবং দশম স্থানে থাকা খেলোয়াড় পাবেন ১ পয়েন্ট। সব ভোট গণনা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চে তুলে ধরবেন কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন