বগুড়ার শেরপুরে মহাসড়কের ওপর বিকল হয়ে পড়া একটি ট্রাকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা মামুন হোসেন ও হানজালা। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহিপুর এলাকায় ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। ট্রাকটির চালক, হেলপার ও এক মেকানিক মিলে সেটি মেরামতের কাজ করছিলেন।
রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চালক, হেলপার ও মেকানিক—তিনজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন হোসেন ও হানজালাকে মৃত ঘোষণা করেন।
আহত অপর ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত করতে চেষ্টা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন