রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে একই আদালতে কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদন করেন বিদিশা সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এইচ এম মাসুম।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের দিন আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন