সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের তুষ্ট করার নীতি গ্রহণ করেছে। তবে ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য সরকারের কোনো সুস্পষ্ট অর্থনৈতিক রূপরেখা নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, শ্রমিকদের কথা বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ তাদের চাহিদার তুলনায় বড় চাহিদার লোকদের তুষ্ট করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তার সংকট সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার এই নীতি অর্থহীন।
মাহফুজ আলমের দাবি, এ ধরনের নীতি শুধু সম্পদের বৈষম্য বাড়াবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে নয়।
তিনি অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠান সংস্কারের পাশাপাশি বৈষম্য কমানোর নীতি বাস্তবায়নের দাবি জানান।
পোস্টে মাহফুজ আলম ‘অল্টারনেটিভস’-এর ৯ দফা দাবির পক্ষে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন