রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
উপ-সচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট চুক্তিপত্র ও বিদ্যমান আইন অনুসরণ করে তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন