প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নতুন কীর্তি গড়েছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার পর আরও রান যোগ করে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। তিনি ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের ৩৩৪ রানের ইনিংসকে।
বুধবার ৪৫০ বলে ২৫টি চার ও ৬টি ছক্কায় ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন হৃদয়। এরপর তামিমের রেকর্ড ভেঙে আরও ওপরে উঠে যান তিনি।
২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এতদিন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল সেটিই।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে এর আগে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তামিম ও রাকিবুল হাসান। তামিমের ৩৩৪ রানের পাশাপাশি ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল।
পচেফস্ট্রুমের মাঠটির সঙ্গে হৃদয়ের এই কীর্তির একটি বিশেষ সম্পর্কও রয়েছে। ২০২০ সালে একই মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন হৃদয়। ছয় বছর পর একই মাঠে ফিরে এবার সিনিয়র ক্রিকেটে ব্যাট হাতে নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি।
এদিকে, বাংলাদেশের ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন হৃদয়ের দখলে। এর আগে এই রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের। ২০০৩ সালে পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি।
হৃদয়ের ৩০০ রানের ইনিংসে ২৩ বছর পুরোনো সেই রেকর্ডও ভেঙে গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন