সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।
তার দেশে ফেরাকে কেন্দ্র করে আগে থেকেই বিমানবন্দরে সহস্রাধিক নেতাকর্মী ও অনুসারী উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
মির্জা আব্বাসের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা মেডিকেল বোর্ডের অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হলেও প্রতিদিন থেরাপি নিতে হবে এবং চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
গত ১১ মার্চ শাহজাহানপুরের নিজ বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।
চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তার ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছিল।
এর আগে ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে বুধবার তিনি দেশে ফিরলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন