গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের দুই চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে গোলাম রব্বানী (৩৩) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে মাসুদ রানা (৩৫)। গোলাম রব্বানী সাদুল্লাপুর ডিগ্রি কলেজের হিসাবরক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ফাতেমা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গোলাম রব্বানী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত সাতজন আহত হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন