চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম একই ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে।
স্থানীয়রা জানান, রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে হঠাৎ গুলির শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে অন্ধকারের কারণে হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরমান জানান, করিমকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা ও বুকে গুলির ক্ষত এবং ঘাড়, হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, করিমের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদকসংক্রান্ত একটি মামলায় তিনি কারাভোগও করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধজগতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন