ভারতের স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতার পর টানা পাঁচ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ব্যবসায়ীরা তাঁদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলোকে আনুষ্ঠানিকভাবে জানালে বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার কার্যক্রম স্বাভাবিক হয়।
বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভারতের বালুরঘাটে জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন। আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বিবেচনা ও সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এর আগে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বালুরঘাট পরিদর্শনে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে তাঁর কাছে একটি স্মারকলিপি দেন।
পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধানের আশ্বাস পাওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর ফলে আগের নিয়ম অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। এতে কয়েক দিন ধরে বন্ধ থাকা দুই দেশের স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন