সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড পরিমাণ আমানতের ওপর ভর করে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উত্থান হয়েছে। গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে দেশটির স্বর্ণের মজুদও বেড়ে ১১৬ দশমিক ৪০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত জুনে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণের সুযোগ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা চালু করে ভারত। এর ফলে ৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরবিআইয়ের কাছে ১৩৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক অর্থ এসেছে। এর মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলারই এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে।
বিপুল বৈদেশিক অর্থপ্রবাহের প্রভাবে চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ০.৩ শতাংশ বেড়ে ৯৫.৩৭৭৫-এ উন্নীত হয়েছে।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির মতে, স্পট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে আরবিআইয়ের সক্ষমতা আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দিলে রুপির বিনিময় হার স্থিতিশীল রাখতে এই বাড়তি রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন