লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো—গত দুই দশকের ফুটবলে অন্যতম আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী। ব্যক্তিগত দ্বৈরথে দুজনই ফুটবল ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে একই দলের হয়ে তাদের খেলতে দেখার স্বপ্ন ফুটবলপ্রেমীদের বহুদিনের। এবার সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বছরের শেষ হওয়ার আগেই বুয়েনস এইরেসের বিখ্যাত লা বম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চান সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
তেভেজের বিদায়ী ম্যাচে আমন্ত্রিতদের তালিকায় মেসি ও রোনালদোর নামও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুজনের সঙ্গেই খেলেছেন তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে এবং আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে মাঠ ভাগাভাগি করেছেন তিনি। দুজনের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ফলে দুজনই যদি ম্যাচটিতে অংশ নেন, তাহলে একই দলের হয়ে মেসি ও রোনালদোকে মাঠে দেখার বিরল সুযোগ তৈরি হতে পারে। তবে দুজন শেষ পর্যন্ত অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রতিবেদন অনুযায়ী, তেভেজ ইতোমধ্যে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। রিকেলমে লা বম্বোনেরায় ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন। তেভেজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই স্টেডিয়ামেই হতে যাচ্ছে তার বিদায়ী আয়োজন।
তেভেজের দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে একই দলে খেলা প্রায় ৬০ জন ফুটবলারকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনা ও আন্তর্জাতিক ফুটবলের বেশ কয়েকজন তারকা এই আয়োজনে অংশ নিতে পারেন।
লা বম্বোনেরার সঙ্গে তেভেজের রয়েছে বিশেষ সম্পর্ক। এই মাঠে তিনি ২৭৯টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৯৪টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৬টি গোল।
ক্লাব ক্যারিয়ারে তেভেজ মোট ১১টি শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে ২০০৩ সালের কোপা লিবার্তাদোরেস, একই বছরের ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলেও তিনি একাধিক শিরোপা জিতেছেন।
২০২২ সালের জুনে খেলোয়াড়ি জীবন থেকে অবসরের ঘোষণা দেন তেভেজ। এরপর কোচিংয়ে যোগ দিয়ে রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে ও তায়েরেসের দায়িত্ব পালন করেন। তায়েরেসই ছিল তাঁর সর্বশেষ কোচিং দায়িত্ব।
খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ এতদিন আয়োজন করতে পারেননি তেভেজ। এবার লা বম্বোনেরায় বিশ্ব ফুটবলের তারকাদের নিয়ে সেই অধ্যায় শেষ করার পরিকল্পনা করছেন তিনি। আর মেসি ও রোনালদো দুজনই মাঠে নামলে ম্যাচটি হয়ে উঠতে পারে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক আয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন