খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। বিষয়টি দ্রুত সোনাডাঙ্গা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে নগরীর বয়রা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই আমজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পঞ্চম তলার ওই কক্ষের ভাড়াটিয়ার একটি ব্যাগ আগুনে পুড়ে গেছে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে বয়রা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে হোটেলের ওই কক্ষের এসির ইনডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন