জাতীয় সংসদ কার্যকর থাকা অবস্থায় আন্দোলনের নামে রাজপথে লংমার্চের মতো কর্মসূচি গণআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংসদীয় রাজনীতিতে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ রয়েছে। তাই সংসদীয় বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (বিলিয়া) মিলনায়তনে ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা: সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখতে বিরোধী দলের দায়িত্ব হলো সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা। তবে সংসদীয় বিতর্ক অহেতুক দ্রুত রাজপথে নিয়ে যাওয়া এবং লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার বিষয়ে সচেতন মহলকে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশকে নতুন গতিপথে এগিয়ে নিতে সরকার বিভিন্ন নীতিগত পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান এবং নিজস্ব গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সুশাসন ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে আমদানির নতুন উৎস তৈরি, আমদানি ব্যয় কমানো এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
সংসদে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, শুধু সরকারকে ফাঁদে ফেলার দৃষ্টিভঙ্গি নিয়ে সংসদীয় রাজনীতি পরিচালনা করা উচিত নয়। বরং সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরামর্শ সংসদে উপস্থাপন করা হলে তা দেশ পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন