দেশের চলমান বিভিন্ন সমস্যা ও সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী আমল কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে বর্তমান সরকার। দেশে সমস্যা রয়েছে—এটি সরকার কখনো অস্বীকার করছে না। তবে এসব সমস্যাকে পুঁজি করে কেউ বিভ্রান্তি সৃষ্টি বা অরাজকতা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।
তারেক রহমান আরও বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে দেশের আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। সরকার হিসেবে এবং জনগণের নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা প্রয়োজন।
আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত এই আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন