ঢাকার সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির মালিবাগ জোনে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে ১০ থেকে ১৫ জনের একটি দল আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের (২৬) ওপর হামলা চালায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, নিজ বাসার কাছেই গাড়ি পার্কিং নিয়ে বিরোধ মেটাতে গিয়ে আলতাফ ও তার ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, আলতাফের ওই এলাকায় জমি রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে জানার চেষ্টা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন