বুড়িগঙ্গা, তুরাগসহ রাজধানীর চারপাশের নদী, খাল ও ড্রেনের দূষণ রোধ এবং বর্জ্য অপসারণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন এবং ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার নৌপথ সংক্রান্ত’ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির এ তথ্য জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং সংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
পামির জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সভায় নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সিটি করপোরেশন এবং বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন