লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকার ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। দীর্ঘ সময় পরও তিনি পানির ওপরে না ওঠায় পিয়াস ও পপি তাকে খুঁজতে পানিতে নামে। এ সময় তারাও পানিতে ডুবে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই শিশুও পানিতে ডুবে যায়।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন