দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম তার সঙ্গে ছিলেন।
হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে স্বাগত জানান নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিসসহ স্থানীয় নেতারা। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার ও ডিআইজি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে বাংলাদেশ পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনুয়া কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করেন। সেখানে মোনাজাত শেষে পাশের মসজিদের মুসল্লিদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান।
দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁওয়ে এটিই রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সফর।
নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি
সফরের প্রথম দিন রোববার বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল।
পরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে ফিরে খাবার ও বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি নির্বাচনে জয়
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল জাতীয় সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন