গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা সমালোচনা ও নেতিবাচক আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পরবর্তী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএল না করে নতুন মডেলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টের ভবিষ্যৎ কাঠামো নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। পাশাপাশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। বিসিবির সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেটাররাও একমত হয়েছেন বলে জানা গেছে।
এরই মধ্যে দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৭ সালে বিপিএল না হওয়ার পরিকল্পনার বিষয়টি জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।”
পরে আমিনুল হক বলেন, বিপিএল একটি জনপ্রিয় টুর্নামেন্ট এবং এ ধরনের আয়োজন প্রতি বছর হওয়া উচিত।
তিনি বলেন, “আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয়, সেই বিষয়গুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।”
বিসিবির পক্ষ থেকে এখনো বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএল হবে কি না এবং নতুন কোনো মডেল চালু করা হবে কি না—তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন