সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রাখতে পারবেন—এমন বিধান যুক্ত করে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস করেছে জাতীয় সংসদ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিরোধী দলের আপত্তির মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়। এ সময় অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিলটির বিরোধিতা করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। তারা দাবি করেন, প্রস্তাবিত বিধান কুরআন-সুন্নাহ ও শরিয়াহর সঙ্গে ‘সাংঘর্ষিক’। বিলটি এ অধিবেশনে পাস না করে ইসলামিক ফাউন্ডেশন ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও দাবি জানান তারা।
তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত নতুন পদ্ধতিটি মুসলিম আইনের ‘হেবা’ নয়। হেবা বা প্রচলিত অন্য কোনো আইনে স্বীকৃত সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিতেও এতে কোনো বাধা সৃষ্টি হবে না।
বিলটি বিবেচনার জন্য উত্থাপন করলে এর ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে উভয় প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এরপর বিলের বিভিন্ন দফায় আনা সংশোধনী প্রস্তাবও নাকচ করা হয়। পরে আইনমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন