আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে বায়রা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছে ‘বায়রা সদস্য কল্যাণ পরিষদ’।
৩ সেপ্টেম্বর বায়রা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বায়রা সদস্য কল্যাণ পরিষদের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ মজুমদার ও মহাসচিব কবির হোসেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। সভায় আসন্ন বায়রা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে বায়রা প্রশাসক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আশ্বাস দেন। একই সঙ্গে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রাখতে বায়রা সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় বায়রা সদস্য কল্যাণ পরিষদের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি ও সংগঠনের কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রশাসক। সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের অধিকার, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বায়রা সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। সভা শেষে বায়রা সদস্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে বায়রা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর হাতে একটি মানপত্র তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
পরিষদের নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক আস্থা, ঐক্য ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা সম্ভব। সাধারণ সদস্যদের অধিকার রক্ষা এবং বায়রা পরিবারের স্বার্থে বায়রা সদস্য কল্যাণ পরিষদ ভবিষ্যতেও কাজ করে যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন