যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও অর্থনৈতিক চাপের জবাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার জবাব আগের তুলনায় আরও কঠোর হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ সদস্যদের রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, আঞ্চলিক বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরান ইতোমধ্যে ‘গুরুত্বপূর্ণ আঘাত’ হেনেছে। তার দাবি, এসব হামলা ওয়াশিংটনের নেতাদের হতাশ করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সমানুপাতিক জবাবের সময় শেষ হয়ে গেছে। ইরানের সাম্প্রতিক হামলা কেবল শুরু বলেও মন্তব্য করেন তিনি।
গালিবাফ আরও সতর্ক করে বলেন, ইরানের স্বার্থে আঘাত করে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কোনো নতুন হামলা চালালে তেহরানের জবাব হবে আরও দ্রুত, ভারী ও কঠোর।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার কথা জানিয়েছে। এর পর ইরানের রেভল্যুশনারি গার্ডও মার্কিন সামরিক স্থাপনা ও নৌযানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের দাবি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার মধ্যে ইরান নতুন হামলার ক্ষেত্রে কঠোর প্রতিক্রিয়ার বার্তা দিয়ে আসছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন