অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে সিফাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সিফাত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা করার ক্ষেত্রে মদদ দিয়েছেন। পুলিশ তদন্ত করে এসব বিষয়ে প্রমাণ পেয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বিষয় আদালতে তুলে ধরার পর তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম রবি দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই সিফাতের জামিন নামঞ্জুর হয়েছে। তার ভাষ্য, বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে কটূক্তির বিষয়টি যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার এজাহারে নেই।
এর আগে ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা এলাকার বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সিফাত তার বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওতে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তার করা হয়।
সিফাত গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন