বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
রিটটি সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ছিল। তবে আদালত এদিন ৬০ নম্বর ক্রমিক পর্যন্ত পৌঁছাতে পারেননি।
ওই বেঞ্চে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে জানান, রিটটি কার্যতালিকায় ৬০ নম্বরে ছিল। তবে এর আগের মামলাগুলোর শুনানি শেষ করতেই আদালতের কার্যক্রম শেষ হয়ে যায়। ফলে রিটটির শুনানি হয়নি।
রিটটি করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন। ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দল ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
রিটের প্রার্থনায় ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
তবে সোমবার রিটটির শুনানি না হওয়ায় এ বিষয়ে হাইকোর্ট কোনো আদেশ দেননি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন