কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আরও এক বন্দীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বন্দীর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবর মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে প্রায় পৌনে দুই ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা আরও তিন বন্দীর মৃত্যু হয়।
তারা হলেন—আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) এবং মো. শাহাদত হোসেন লিটন (৫২)। হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে তাদের অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।
আলী আকবর মণ্ডলের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন