ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন বাঁধন।
অভিনেত্রীর অভিযোগ, ইতালিপ্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের একটি দল তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনা করেছে।
ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে বাঁধন বলেন, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। এ সময় তার দিকে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল জানিয়ে বাঁধন বলেন, হামলার ঘটনায় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
এ ছাড়া তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন এই অভিনেত্রী।
বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে অভিহিত করে। জবাবে তিনি বলেন, “আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।”
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল বলেও দাবি করেন বাঁধন। তার অভিযোগ, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় হামলাকারীরা ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করছিল বলেও জানান তিনি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন বলেন, “আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।”
তবে এ ঘটনায় ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন