ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায়ের নিয়োগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া কোনো এন্ট্রি পদে নিয়োগ দেওয়া যাবে না।
একই সঙ্গে ব্যাংকে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ শতভাগ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা
সার্কুলারে বলা হয়েছে, ম্যানেজমেন্ট ট্রেইনি, প্রবেশনারি অফিসার ও ক্যাশ অফিসারের মতো যেসব এন্ট্রি পর্যায়ের পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সেসব পদে নিয়োগের ক্ষেত্রে শুধু ব্যাংকের ওয়েবসাইট বা জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করলেই হবে না।
এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি অন্তত দুটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।
লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক
এন্ট্রি পর্যায়ের নিয়োগে সশরীরে অথবা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে লিখিত বা নৈর্ব্যক্তিক এবং মৌখিক পরীক্ষা নিতে হবে।
পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকার বাইরে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ ও মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২০২৭ সালের মধ্যে সনদ যাচাই
ব্যাংকে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শতভাগ যাচাই করতে হবে।
এ ছাড়া পদোন্নতি বা অন্য কোনো সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়া নতুন সনদও যাচাই ছাড়া ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করা যাবে না।
জাল সনদে অন্য ব্যাংকেও চাকরি নিষিদ্ধ
নিয়োগের সময় অথবা চাকরিরত অবস্থায় কারও শিক্ষাগত সনদ জাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ওই ব্যক্তির তথ্য বাংলাদেশ ব্যাংকের সিএমএমএস (CMMS) ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে হবে।
এর ফলে জাল সনদ ব্যবহারকারী ব্যক্তি ভবিষ্যতে অন্য কোনো ব্যাংকেও চাকরি পাওয়ার সুযোগ হারাবেন।
অন্য ব্যাংকে যোগদানে ছাড়পত্রের সুবিধা
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে যোগদানের ক্ষেত্রে আগের ব্যাংকের রিলিজ অর্ডারে শিক্ষাগত সনদ যাচাইয়ের বিষয়ে স্পষ্ট প্রত্যয়ন থাকলে নতুন ব্যাংকে পুনরায় সনদ যাচাই করতে হবে না।
মানবসম্পদ নীতিমালা হালনাগাদের নির্দেশ
আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে সমন্বিত ‘মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়ন বা হালনাগাদ করতে হবে।
এই নীতিমালায় নিয়োগ, পদোন্নতি, কর্মদক্ষতার সূচক (কেপিআই), আচরণবিধি ও বৈষম্যহীন কর্মপরিবেশসহ ১৮টি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন