সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় নতুন করে হামলার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ একদিনের মূল্যবৃদ্ধি দেখা গেছে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫২ ডলারে উঠেছে। দিনের একপর্যায়ে দাম ৯৭ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। দিনের একপর্যায়ে এর দাম ৯৩ ডলার ছাড়িয়ে যায়, যা জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরবের জিজান শহরে অবস্থিত আরামকোর একটি তেল স্থাপনায় হামলা হয়েছে। হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা যাচাই করা হচ্ছে।
ওই স্থাপনায় প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে। তবে হামলাটি কারা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা চলছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইরান দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।
সেন্টকমের দাবি, ওই তিনটি ইরানি জাহাজ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির আঞ্চলিক মিত্রদের অর্থায়নে পরিচালিত ‘বহু বিলিয়ন ডলারের ছায়া নেটওয়ার্কের’ অংশ।
তবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন