ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। অনুমোদিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড যুক্ত করা, চালকদের নিবন্ধন ও প্রশিক্ষণের পর লাইসেন্স দেওয়া এবং নির্দিষ্ট সড়কে এসব যান চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর নোটিসের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নীতিমালা কার্যকর হলে অনুমোদিত অটোরিকশাগুলোকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও প্রশিক্ষণের পর লাইসেন্সের আওতায় আনা হবে। কোন কোন সড়কে এসব যান চলাচল করবে, সেটিও নির্ধারণ করা হবে।
অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে সংসদে আলোচনা
রাজধানীতে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রেহানা আক্তার রানু।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ট্রাফিক ক্যামেরা স্থাপনের পর লালবাতি অমান্য, লেন পরিবর্তন ও গতিসীমা লঙ্ঘনের মতো অনিয়ম কমেছে। তবে অটোরিকশায় নম্বর প্লেট না থাকায় এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পরও এসব যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা যাচ্ছে না।
অটোরিকশায় নম্বর প্লেট সংযোজন, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান এবং পুরো ব্যবস্থাকে সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার দাবি জানান তিনি।
সম্পূরক প্রশ্নে রেহানা আক্তার রানু স্পষ্ট করে বলেন, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের কথা বলেননি; বরং এসব যান চলাচল নিয়ন্ত্রণের কথা বলেছেন।
কর্মসংস্থানও বিবেচনায় রাখবে সরকার
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও একই ধরনের বৈদ্যুতিক তিন চাকার যান গত এক দশকে শহর ও গ্রামের পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
স্বল্প ভাড়ায় স্বল্প দূরত্বে যাতায়াতের সুবিধার পাশাপাশি এই খাতের সঙ্গে চালক, মালিক, গ্যারেজ শ্রমিক, ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী, চার্জিং সেবাদাতা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান জড়িত রয়েছে।
তবে দ্রুত ও অনেকাংশে অনিয়ন্ত্রিত বিস্তারের কারণে সড়ক নিরাপত্তা, যানজট, বিদ্যুৎ ব্যবস্থাপনা, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে। আইন অমান্যকারী অটোরিকশা আটক করে ডাম্পিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী রিকশা গ্যারেজের বিরুদ্ধেও ডিএমপি, ডেসকো ও ডিপিডিসির যৌথ অভিযান চলছে বলে জানান তিনি।
নির্দিষ্ট রুট ও ডিজিটাল ট্র্যাকিং
অটোরিকশা নিবন্ধনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে। এগুলো কার্যকর করার ক্ষেত্রে বিভিন্ন শর্ত থাকবে।
তিনি বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল সীমিত রাখার পাশাপাশি এসব যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হবে। একই সঙ্গে কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
ভবিষ্যতে নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের শর্ত আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি। বর্তমানে ব্যবহৃত লেড-এসিড ব্যাটারির অনিয়ন্ত্রিত পুনঃপ্রক্রিয়াজাতকরণ পরিবেশ দূষণের কারণ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া অটোরিকশার সঙ্গে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একটি নিবন্ধন নম্বর ব্যবহার করে যাতে একাধিক অটোরিকশা চালানো না যায়, সেই ব্যবস্থাও নীতিমালায় রাখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অবৈধ চার্জিং নিয়েও উদ্বেগ
অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে রিকশা ও অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিষয়েও সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু কর্মীও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এআই ক্যামেরা আরও বাড়ানোর পরিকল্পনা
সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে রাজধানীর ১৭টি সিগন্যালে ৫০টি এআইভিত্তিক ক্যামেরা চালু রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। এসব ক্যামেরার মাধ্যমে অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।
এর ধারাবাহিকতায় রমনা ও তেজগাঁও ট্রাফিক বিভাগে আরও ২০০টি এআইভিত্তিক ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়েও এআই ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন