সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে বিদিশা সিদ্দিকীকে মুক্তি দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে বিদিশা সিদ্দিকীর সঙ্গে তার ৮০ লাখ টাকার চুক্তি হয়েছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে উচ্চ আদালতে জামিন আবেদন করলে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
হাইকোর্টের জামিনের কাগজপত্র কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার বিকেলে বিদিশা সিদ্দিকীকে মুক্তি দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন