ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত কনস্যুলেট জেনারেল কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। তার দাবি, সোমবার ইতালির ভেনিসে বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানের ওপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কর্মীরা হামলা চালিয়েছে।
তিনি জানান, এ ঘটনায় তিনি মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন এবং ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পাশাপাশি বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
হুমায়ুন কবির বলেন, স্থানীয় পুলিশও ঘটনার বিষয়ে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। এরপর বাংলাদেশ দূতাবাস বিষয়টি গুরুত্বের সঙ্গে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে কূটনৈতিক পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন