দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং ক্লাব পর্যায়ে ইন্টার মায়ামির হয়ে আলো ছড়ানোর স্বীকৃতি হিসেবে এবারের ৩০ জনের তালিকায় ফিরেছেন তিনি।
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ মঙ্গলবার ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। গত মৌসুমে ৩ আগস্ট ২০২৫ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
গত দুই আসরে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না মেসি। রেকর্ড আটবার এই পুরস্কার জেতা এই তারকার সর্বশেষ ব্যালন ডি’অর জয় ২০২৩ সালে। এবার নিয়ে ১৭তমবারের মতো এই পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি।
রোনালদোর রেকর্ড এখনো অক্ষত
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশিবার জায়গা পাওয়ার রেকর্ড এখনো ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগিজ এই তারকা ১৮ বার মনোনয়ন পেয়েছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ২০২২ সালের পর আর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি।
এবারের তালিকায় মেসির পাশাপাশি আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল এবং ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডের মতো তারকারা।
গতবারের বিজয়ী উসমান দেম্বেলে এবং ২০২৪ সালের বিজয়ী রদ্রিও আছেন এবারের তালিকায়। তবে জায়গা হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার।
ফেভারিট হ্যারি কেইন
এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে হ্যারি কেইনকে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন ইংলিশ এই স্ট্রাইকার।
বায়ার্ন মিউনিখকে বুন্ডেসলিগা ও জার্মান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও বড় অবদান ছিল কেইনের।
লন্ডনে হবে এবারের অনুষ্ঠান
এবার প্যারিসের পরিবর্তে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সালের পর থেকে নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে ব্যালন ডি’অরের জমকালো আয়োজন হয়ে আসছিল।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকা
জুড বেলিংহাম, পাউ কুবারসি, উসমান দেম্বেলে, মার্ক কুকুরেয়া, লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্দেজ, গ্যাব্রিয়েল, আর্লিং হালান্ড, হ্যারি কেইন, আশরাফ হাকিমি, খাভিচা কাভারাতস্খেলিয়া, লামিন ইয়ামাল, সাদিও মানে, মার্কিনিয়োস, লাউতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, জোয়াও নেভেস, মাইকেল ওলিসে, উইলিয়াম পাচো, হুলিয়ান কিনিয়োনেস, ডেকলান রাইস, রদ্রি, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতিনিয়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন