ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের বদলির আদেশ জারির এক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে। ফলে আগের পদেই বহাল থাকছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে জারি করা এক আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
একই আদেশে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
ওই আদেশ অনুযায়ী, সবুজবাগ থানার তৎকালীন ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছিল।
তবে বিকেল ৫টার দিকে জারি করা নতুন আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়। একই সঙ্গে গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার ওসি হিসেবে পদায়নের আদেশও বাতিল করা হয়।
নতুন আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এর ফলে মো. সাইফুল ইসলামই সবুজবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে কী কারণে প্রথমে তাকে বদলি করা হয়েছিল এবং মাত্র এক ঘণ্টার ব্যবধানে কেন সেই আদেশ বাতিল করা হলো, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন