বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ময়লার স্তূপে দুটি প্লাস্টিকের বাটি দেখতে পান। পরে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বাটির ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিটি করপোরেশনের কর্মীদের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, আশপাশের কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল থেকে রাতের আঁধারে আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নবজাতক দুটির মরদেহ কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন