রাজধানী ঢাকার আকাশ আজ দিনভর অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে তেমন স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে মৃদু বাতাস বয়ে যেতে পারে।
বুধবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে নদীবন্দরগুলোর জন্য বুধবার দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি।
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন