বয়স ৩৯ পেরিয়েও রেকর্ড গড়ার দৌড়ে থেমে নেই লিওনেল মেসি। এবার ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে সবচেয়ে বেশি বছরের ব্যবধানের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। সেখানে মেসির নাম থাকায় ২০০৬ থেকে ২০২৬—প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে তার ব্যবধান দাঁড়িয়েছে ২০ বছর।
মেসি প্রথমবার ব্যালন ডি’অরের মনোনয়ন পান ২০০৬ সালে। তখন তিনি বার্সেলোনার তরুণ খেলোয়াড়। দুই দশক পর ২০২৬ সালেও মনোনয়ন পেয়ে নতুন এই রেকর্ড গড়লেন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল রোনালদোর দখলে। ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছিলেন পর্তুগিজ তারকা। তার প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে ব্যবধান ছিল ১৮ বছর।
মেসি-রোনালদোর পর এই তালিকায় রয়েছেন লুকা মদরিচ ১৬ বছর, করিম বেনজেমা ১৫ বছর এবং পাওলো মালদিনি ১৪ বছর।
মনোনয়নে রোনালদো, জয়ে মেসি এগিয়ে
মোট মনোনয়নের সংখ্যায় অবশ্য এখনও রোনালদো এগিয়ে। পর্তুগিজ তারকা ব্যালন ডি’অরের জন্য ১৮ বার মনোনীত হয়েছেন। মেসির মনোনয়ন ১৭টি।
তবে পুরস্কার জয়ের দিক থেকে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি। রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা। অন্যদিকে রোনালদো এই পুরস্কার জিতেছেন পাঁচবার।
বয়সের রেকর্ডেও মেসি
৩৯ বছর বয়সে মনোনয়ন পেয়ে একবিংশ শতাব্দীতে ব্যালন ডি’অরের জন্য মনোনীত সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ডও এখন মেসির দখলে।
এর আগে ২০২২ সালে ৩৭ বছর বয়সে মনোনয়ন পেয়ে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো।
তবে সর্বকালের সবচেয়ে বেশি বয়সী ব্যালন ডি’অর মনোনীত ও বিজয়ীর রেকর্ড এখনো স্যার স্ট্যানলি ম্যাথিউজের দখলে। ১৯৫৬ সালে ব্যালন ডি’অর জয়ের সময় তার বয়স ছিল ৪১ বছর। তিনিই ছিলেন এই পুরস্কারের প্রথম বিজয়ী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন