দেশে কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেওয়া হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম। বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির পক্ষে ছিলেন আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। আর রিটের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।
অনুমোদনহীন স্লিপার এসি বাস চলাচলের বৈধতা নিয়ে ২০২৫ সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।
রিটকারীর পৃথক একটি আবেদনের শুনানি নিয়ে আদালত স্লিপার বাসের বিষয়ে তিন সদস্যের একটি স্বাধীন কারিগরি কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর বিআরটিএ ওই কমিটি গঠন করে। পরে কমিটি প্রতিবেদন দিলে তা আদালতে দাখিল করা হয়।
বিআরটিএর আইনজীবী রাফিউল ইসলাম জানান, প্রতিবেদনে বলা হয়েছে, স্লিপার বাসের কোনো রেজিস্ট্রেশন বিআরটিএ দেয়নি। অনুমোদনহীনভাবে চলাচল করা স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে কয়েকটি বাস ডাম্পিং করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
এদিকে রেজিস্ট্রেশন নিয়ে চলাচল করা স্লিপার এসি বাসে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে বিআরটিএর আইনজীবী আদালতকে জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন থাকলেও রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারে না। রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল করলে শাস্তির বিধানও রয়েছে।
তবে মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, স্লিপার বাস ছাড়া কিছু অনুমোদিত বাসকেও চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আদালত জানিয়েছেন, বৈধ পারমিট থাকা বাসগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।
বিআরটিএ কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি উল্লেখ করে আইনজীবী রাফিউল ইসলাম বলেন, স্লিপার বাস চলাচলের বিষয়ে আদালত কোনো নির্দেশনা দেননি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন