বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদীর তীর থেকে তিমিটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির তিমিটিকে পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে সেখানে স্থানীয় মানুষের ভিড় জমে।
পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।
তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করা হয়েছে। তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে সেটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন