দেশে ডাবল-ডেকার স্লিপার বাসের কোনো অনুমোদন বা রেজিস্ট্রেশন না থাকলেও সিঙ্গল-ডেকার বাস কিনে পরে অবৈধভাবে বডি পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাস হিসেবে চালানোর অভিযোগ উঠেছে। এমনভাবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
হাইকোর্ট বিভাগের একটি রিটের নির্দেশনার পর বিআরটিএ গঠিত তিন সদস্যের টেকনিক্যাল কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি কমিটি বিআরটিএর কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
স্লিপার বাস নিয়ে হাইকোর্টে রিট
অনুমোদনহীন স্লিপার এসি বাস চলাচলের বৈধতা নিয়ে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রিট করেন। ওই রিটের শুনানি শেষে একই বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।
পরে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডাবল-ডেকার স্লিপার বাসের বিষয়ে তিন সদস্যের একটি স্বাধীন টেকনিক্যাল কমিটি গঠনের নির্দেশ দেন। আদালতের আদেশের পর বিআরটিএ কমিটি গঠন করে।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বাধীন কমিটির সদস্য ছিলেন উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম কামরুল হাসান এবং সদস্য সচিব ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মঈনুল ইসলাম।
রেজিস্ট্রেশন আছে ৮২৯ ডাবল-ডেকার বাসের
কমিটির পর্যালোচনায় দেখা যায়, বিআরটিএ থেকে কোনো ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। তবে বিআরটিএর ডাটাবেজে ডাবল-ডেকার (স্লিপার নয়) হিসেবে ৮২৯টি বাসের রেজিস্ট্রেশনের তথ্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিছু মালিক সিঙ্গল-ডেকার বাস হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার পর পরবর্তীতে বডির ধরন পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করেছেন। এমন অভিযোগের ভিত্তিতে ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।
এ ছাড়া সড়কে চলাচলরত তিনটি স্লিপার বাসের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অননুমোদিত ডাবল-ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকেও বিভিন্ন সময়ে চিঠি দেওয়া হয়েছে।
রুট পারমিটও দেওয়া হয় না
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ডাবল-ডেকার স্লিপার বাসের জন্য কোনো অনুমোদিত গাইডলাইন বা নীতিমালা নেই। ফলে এ ধরনের বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়া হয় না।
সিঙ্গল-ডেকার হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার পর বডি পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করা হলে ফিটনেস নবায়ন না করে রেজিস্ট্রেশন স্থগিতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সড়কে চলাচলরত এসব অননুমোদিত বাসের রুট পারমিটও দেওয়া হয় না।
বর্তমানে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী সিঙ্গল-ডেকার বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে।
তবে উন্নত দেশের অভিজ্ঞতার আলোকে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় গাইডলাইন বা নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন